বিয়ের কথা উঠলেই বলতেন, ‘মেয়ে খুঁজে দিন। আমি বিয়ে করতে রাজি আছি।’ সেই জামালই ছুটিতে ডেনমার্কে গিয়েই হঠাৎ করে বিয়ে করে ফেলবেন কে জানতো! অবশেষে একাকী জীবনের অবসান ঘটালেন বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’ জামাল ভূঁইয়া। রবিবার ডেনমার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে জীবনসঙ্গী বেছে নিয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক।
জীবনের নতুন অধ্যায় নিয়ে জামাল কিছু বলতে চাননি। বাংলা ট্রিবিউনকে শুধু বলেছেন, ‘আমি বিয়ে নিয়ে এখনই কিছু বলতে চাই না। ঢাকায় এসে এই বিষয়ে কথা বলবো।'
তবে বিয়ের কথাটা আগেই জামাল জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ জেমি ডে কে। ডে তাকে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘ও বিয়ে করেছে শুনে ভালো লাগছে। ওর জন্য শুভকামনা রইলো। ও আমাকে আগেই জানিয়েছিল। বিয়ে করলেও জাতীয় দলের অনুশীলনের শুরু থেকেই জামাল থাকবে।’








