বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ভিন্ন আঙ্গিকের ওয়ালটন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর।
সাধারণত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় পল্টন ময়দানের ভলিবল স্টেডিয়ামে তবে এবার এটি অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আর সামনের এসএ গেমসের প্রস্তুতির জন্য এবার জাতীয় পুরুষ ভলিবল দলকে চার ভাগে ভাগ করে চারটি দল গঠন করে খেলানো হবে।
মহিলা বিভাগে খেলবে বাংলাদেশ পুলিশ ভলিবল দল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পাটকল কর্পোরেশন। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ১৫ ডিসেম্বর।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম-সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল।
/আরএম/এফআইআর/







