মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সুপার মখ কাপের প্লেট বিভাগের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। আজ রবিবার সকালে মে ব্যাংক অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল মালয়েশিয়ার সিআইএমবি-ওয়াইএফএ দলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে।
শিরোপা জয়ের ফলে বাংলাদেশ ২০ দলের মাঝে নবম স্থান অধিকার করল। শীর্ষ আটটি দল খেলেছে কাপ বিভাগে আর বাকি দলগুলো অংশ নেয় প্লেট বিভাগে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দলের তপু প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন। ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয়ার্ধে আরাফাত ও মেহেদী আরও দুটি গোল করলে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়।
এদিকে অনূর্ধ্ব-১৩ বিভাগের প্লেট ফাইনালেও খেলেছিল বাংলাদেশের কিশোররা। কিন্তু থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের কাছে ১-৩ গোলে হেরে যায় তারা। প্রথমার্ধের শেষ মিনিটে খেলার প্রথম গোলটি করেছিল বাংলাদেশই। জিহান এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। একে একে তিনটি গোল হজম করে ছিটকে পড়ে শিরোপা জয়ের পথ থেকে।
কাল সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকা ফিরবে দুই দল। অনূর্ধ্ব-১২ দলকে বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
/আরএম/এফআইআর/








