প্রিমিয়ার ফুটবল লিগে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার লিগের শুরুটাও করেছে তারা আশাজাগানিয়া। একসময়ের লিগ চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে শুভসূচনা হয়েছে মারুফুল হকের দলের। বন্দর নগরীর দলটি ম্যাচ জিতেছে ২-০ গোলে। দিনের অন্য ম্যাচে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি শেখ রাসেল। ব্রাদার্স ইউনিয়ন তাদের রুখে দিয়েছে ১-১ গোলে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে শেখ জামাল সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি। দিদারুল আলমের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। এরপর থেকে চট্টগ্রাম আবাহনীর আধিপত্য। বিশেষ করে তাদের বিদেশি খেলোয়াড়েরা ম্যাচের চিত্র বদলে দেওয়ার চেষ্টা করেন। যদিও প্রথমার্ধে একের এক আক্রমণ করেও গোল পায়নি চট্টগ্রামের দলটি। ম্যাচের ১৭ মিনিটে মোনায়েম খান রাজুর কর্নারে উজবেক খেলোয়াড় পুলাতভ শুকুর আলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
২৬ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গাইলহার্মে পা ছোঁয়াতে পারলে এগিয়ে যেতে পারতো আবাহনী। স্কোরলাইন গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল। বিরতির পর অবশ্য চট্টগ্রাম আবাহনীকে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের পাসে নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ দুই ডিফেন্ডারকে কাটিয়ে দলকে এগিয়ে নেন ১-০। ১০ মিনিট পর দ্বিতীয় গোলের এসিস্ট এবার ম্যাথিউ নিজেই। তারই কাটব্যাক থেকে আইভরিয়ান চার্লস দিদিয়েরের প্লেসিংয়ে হয় ২-০।
শেষ মিনিট পর্যন্ত আবাহনী এই স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে। শফিকুল ইসলাম মানিকের ছাত্ররা ফাঁকে-ফাঁকে আক্রমণ করার চেষ্টা করলেও সফল হতে পারেনি। প্রথম ম্যাচেই হার নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে।
দিনের অন্য ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের শুরুতে অবশ্য তারা এগিয়ে যায়। ৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে ইয়ামিন মুন্নার ক্রসে রাফায়েল ওদোয়িন লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন।
বিরতির পর ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে সমতা আনে। ৬০ মিনিটে বাঁ প্রান্ত থেকে ওতাবেক ভালিয়ানোভ দুর্দান্ত এক গোল করেন। উজবেক ফরোয়ার্ড তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোল করেন।








