এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বাজে খেলেছে- কথাগুলো বলেছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। রিয়াল বেতিসের কাছে হেরে যাওয়ার পর এবার এই রিয়াল মাদ্রিদের সমালোচনায় খোদ কোচ জিনেদিন জিদান। তিনি মনে করছেন, মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচটা-ই খেলেছে তার দল।
লা লিগায় বেতিসের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলে দায় আছে বেনজেমাদেরও। কিন্তু কোচ জিদান ম্যাচের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন, ‘মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচটাই খেললাম। সব কিছুতে আমরা পিছিয়ে ছিলাম- শক্তি, পজেশন, ক্ষীপ্রতায়। আমি-ই এর জন্য দায়ী।’
জিদানের এমন বলার কারণও আছে। একাদশে তিনি রক্ষণে রাখেন এদের মিলিতাও, মার্সেলোকে। আবার ফরমেশনে ফিরে যান আগের ৪-৩-৩-এ। তাই নিজেদের করা ভুলগুলোকেই কাঠগড়ায় তুললেন রিয়াল কোচ, ‘দিনটা আমাদের ছিল না, এটা হতেই পারে। কিন্তু আমরা অনেক ভুল করেছি, বল দখলে বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে ছিলাম। তাই যখন সেরাটা আসবে না, সব কিছু তখন কঠিন হয়ে যায়।’
এর পরেই তার কাছে প্রশ্ন আসে, কেন সেরাটা দিতে পারেনি রিয়াল মাদ্রিদ? উত্তরে জিদান বলেছেন, ‘আমরা ম্যাচটাই বাজেভাবে শুরু করেছি। প্রথমার্ধটা বাজে গেলে বাকি থাকে ৪৫ মিনিট। কিন্তু সেখানেও কোন পরিবর্তন ছিল না। আমার কাছে এর ব্যাখ্যা নেই।’








