ওদিকে শহীদ আফ্রিদি, এদিকে গৌতম গম্ভীর। পাকিস্তান ও ভারতের এই দুই সাবেক ক্রিকেট তারকার মধ্যে খোঁচাখুঁচি চলে আসছে সেই খেলোয়াড়ি জীবন থেকেই। শুরুটা ২০০৭ সালে, কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচে। তারপর কতবার যে এদের মধ্যে মাঠেই লেগেছে তার ইয়ত্তা নেই। গত বছরের এপ্রিলে আফ্রিদির আত্মজীবনী ‘দ্য গেম চেঞ্জার’ বাজারে আসার আগেই প্রকাশ পেয়ে গেল যে পাকিস্তানি ক্রিকেট তারকা তাকে নিয়ে প্রচন্ড সমালোচনা করেছেন। তারপর থেকে দুজনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টুইটারে পরস্পরের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। গত শুক্রবার আফ্রিদির আত্মজীবনীর এক প্রকাশনা অনুষ্ঠানে গম্ভীরকে নিয়ে তার বলা কথাগুলো আবার সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। আর এটাই যেন সাবেক ভারতীয় ওপেনারের ভেতরের আগুন জ্বালিয়ে দিয়েছে আবার।
প্রায় সারা বিশ্বই যখন করোনাভাইরাসের কারণে স্তব্ধ হয়ে আছে, গম্ভীর শনিবার আফ্রিদির উদ্দেশে টুইট করেছেন, ‘যে তার বয়স কত সেটি মনে রাখতে পারে না সে কীভাবে আমার রেকর্ড মনে রাখবে। ওকে, শহীদ আফ্রিদি আমি একটি জিনিস তোমাকে স্মরণ করিয়ে দিই: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান ফাইনাল, গম্ভীর ৫৪ বলে ৭৫ রান বনাম আফ্রিদি ১ বলে ০। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কাপটা জিতেছিলাম। এবং হ্যাঁ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক এবং সুযোগ সন্ধানীদের প্রতি আমার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে।’
ফিরে দেখা যাক আফ্রিদি তার আত্মজীবনীতে গম্ভীরকে নিয়ে কেমন সব মন্তব্য করেছেন। প্রথম মন্তব্যগুলোই চটিয়ে দেওয়ার মতো, ‘কিছু প্রতিদ্বন্দ্বিতা আছে ব্যক্তিগত, আর কিছু পেশাগত। গৌতম গম্ভীরের কথাটাই বলি আগে। বেচারা গৌতম, তার আচরণগত সমস্যা আছে। তার কোনও ব্যক্তিত্ব নেই। ক্রিকেট নামের এই বিরাট খেলাটায় সে কোনও চরিত্রই নয়। তার কোনও রেকর্ড নেই, আছে আচরণগত সমস্যা।’ আফ্রিদি গম্ভীরের আচরণগত সমস্যা বোঝাতে তাকে স্যার ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের সংকর বলে কটাক্ষ করেছেন, ‘গম্ভীর এমন একটা ভাব ধরে যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের সংকর। করাচিতে আমরা এ ধরনের লোকদের বলি মুখপোড়া “সোরিয়েল”। স্বাভাবিকভাবেই আমি ইতিবাচক ও হাসিখুশি মানুষদের পছন্দ করি। আক্রমণাত্মক বা প্রতিদ্বন্দ্বী, সে যাই হোন না কেন, আপনাকে ইতিবাচক হতে হবে, গম্ভীর তা নয়।’
আফ্রিদির আত্মজীবনী আত্মপ্রকাশের পর গম্ভীর যখন জানতে পারেন তাকে নিয়ে এসব লেখা হয়েছে, বর্তমানে ভারতের শাসক দল বিজেপির টিকিটে দিল্লী থেকে নির্বাচিত সংসদ সদস্য গম্ভীর টুইট করেন, ‘… তুমি একটা অদ্ভুত মানুষ!!! যাই হোক, আমরা এখনও পাকিস্তানিদের চিকিৎসার জন্য ভ্রমণ ভিসা দিচ্ছি। আমি তোমাকে ব্যক্তিগতভাবে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাবো।’








