একশোরও বেশি অভাবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। তার জন্মস্থান সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রাম ও পাশের দাড়কি গ্রামের ৫০টি পরিবার এবং তার নানার বাড়ি পার্শ্ববর্তী যশোরের শার্শা উপজেলার বাইকোলা এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেওয়া হয়।
গত সোমবার ও মঙ্গলবার রাতে ওই পরিবারগুলোর বাড়িতে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে প্রতি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি ও তেল পৌঁছে দেন মৃত্যুঞ্জয় ও তার স্বজন-শুভানুধ্যায়ীরা। খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা থেকে অভাবীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজে যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয় নিজে ছাড়াও ছিলেন তার বড়ভাই ড্রিম আইটি রিচার্সের নির্বাহী পরিচালক ইমরুল চৌধুরী, প্রতিষ্ঠানটির সদস্য আবির মাহমুদসহ অন্যরা।
এদিকে যুব ক্রিকেটার মৃত্যুঞ্জয়ের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে থাকার প্রত্যয় জানান হিজলদী গ্রামের সন্তান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব আজম-ই-সাদাত, মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, সমাজসেবক আবু সিদ্দিকসহ এলাকার মানুষ।








