২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হচ্ছে সাফ ফুটবল। সাফ ফুটবলের জন্য বাংলাদেশ প্রায় তিন সপ্তাহের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে কোনও অনুশীলন ম্যাচ খেলা হয়নি। সে অভাব পূরণ করতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ম্যাচটি দুই দলের কাছেই সমান। বাংলাদেশের কোচ মারুফুল হক এই ম্যাচটিকে দেখছেন এভাবে, ‘জয়-পরাজয় নিয়ে ভাবছি না। এই ম্যাচটি মূলত নিজেদের পরীক্ষা করার। কতটুকু উন্নতি হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে এই বিষয়গুলো জানতে পারব।’ এই ম্যাচের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হচ্ছে দেশের ফুটবলের শীর্ষ কোচ মারুফুল হকের। তবে চাপ নিচ্ছেন না মারুফ। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত অভিষেকের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। ম্যাচের দিকেই পূর্ণ মনোযোগ।’
নেপালের কোচ প্যাট্রিক উইলার সেপ্টেম্বর থেকে দলের দায়িত্বে। তার অধীনে নেপাল আজই প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি তার জন্যও গুরুত্বপূর্ণ। প্যাট্রিক বলেন, ‘সাফের প্রস্তুতির জন্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এমন একটি ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে নির্ভার নেপালের কোচ বলেন, ‘বাংলাদেশ আমাদের গ্রুপে নয়। আমরা গ্রুপ প্রতিপক্ষ নিয়ে ভাবছি। বাংলাদেশের ম্যাচটি আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি।’
ম্যাচ ফিক্সিংয়ের কারণে নেপালের পাঁচ ফুটবলারকে বহিষ্কার করা হয়েছে। মাঠে এটি প্রভাব পড়বে না বলে মনে করেন নেপালের কোচ। তবে অধিনায়ক অনিল গুরং অবশ্য সাগর থাপাদের অনুভব করছেন। তিনি বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই অভিজ্ঞ খেলোয়াড়দের আমরা মিস করব। তবে তাদের ঘাটতি পূরণের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।’ বিকেএসপিতে অনুশীলনের জন্য বাংলাদেশের কোচ ও অধিনায়ক সংবাদ সম্মেলনে আসেননি।
২০০৩ সালের পর আবার নিজেদের মাটিতে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
/এমআর/








