২০১১ বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনাল। যে ম্যাচে ভারতের ২৮ বছরের শিরোপা খরা ঘুচেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের গুণে। শ্রীলঙ্কার ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে কি দৃষ্টিনন্দন ইনিংসই না খেলেছিলেন গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি। গম্ভীর ৯৭ রানে জয়ের ভিত গড়ে ফিরলেও ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছান ধোনি। আর সেই ম্যাচকেই পাতানো দাবি করছেন, শ্রীলঙ্কার তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা আলুথগামাগে। তিনি সরাসরিই বলেছেন, ভারতের কাছে ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছে শ্রীলঙ্কা!
স্থানীয় টিভি সিরাসায় এমন দাবিই করেছেন আলুথগামাগে। তার ভাষ্য মতে সেই ফাইনালটি ছিল পাতানো, ‘আজকে আমি আপনাদের বলছি, ২০১১ বিশ্বকাপ আমরা বিক্রি করেছি। আমি এমনটা বলছি, কারণ তখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম।’
তখনকার ক্রীড়ামন্ত্রী আলুথগামাগে এখন অন্তর্বর্তী সরকারের জ্বালানি মন্ত্রী। তিনি আরও বলেছেন, এমনটি ঘটলেও সেটি তিনি ঘোষণা করতে চাননি, ‘দেশের কথা ভেবে আমি এমনটা বলতে চাইনি। তবে আমি সঠিকভাবে নিশ্চিত নই সালটা ২০১১ না ২০১২। তবে সেই ম্যাচটা আমরা জয়ের পথেই ছিলাম।’
তিনি এমন কথা বলছেন দায়িত্ব নিয়েই যে ফাইনালটি পাতানো ছিল, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি, আমার মনে হয়েছে ম্যাচটা পাতানো ছিল। আমি তর্কে যেতে রাজি, জানি লোকজন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’
অবশ্য ম্যাচ পাতানোর কথা দাবি করলেও সাবেক ক্রীড়া মন্ত্রী বলছেন কোনও খেলোয়াড়ই এর সঙ্গে সম্পৃক্ত নন! তবে কিছু গোষ্ঠী এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। যদিও সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধেনে এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন। তিনি স্বপক্ষে প্রমাণ চেয়েছেন সেই মন্ত্রীর কাছে।








