শুরুর অপেক্ষায় ছিল স্থগিত হয়ে যাওয়া চাইনিজ সুপার লিগ। কিন্তু বেইজিংয়ে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আবারও অনিশ্চয়তার মাঝে পড়ে গেছে লিগ।
সূচি অনুযায়ী চাইনিজ সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। কিন্তু দেশটিতে করোনা মহামারি ধারণ করায় তা স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য। পরিস্থিতির উন্নতি হলেও হঠাৎ গত এক সপ্তাহেই বেইজিংয়ে করোনায় আক্রান্ত মানুষ পাওয়া গেছে ১৮০জনের বেশি। ফলে এই পরিস্থিতি নতুন করে লিগ শুরুর পরিকল্পনাকে আবারও অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝ্যাং বলেছেন, ‘যেহেতু মহামারিটি বেইজিংয়ে নতুন করে হানা দিয়েছে, তাই লিগের সূচি এখনও আলোচনার পর্যায়ে। কিন্তু বেইজিং থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। আমার মনে হয় লিগের কর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তারা দিনক্ষণ পরিবর্তন করবে।’
শাংহাইয়ের ক্রীড়া প্রশাসনের পরিচালকও ইঙ্গিত দিয়েছেন। সব কিছু ঠিক থাকলেই জুলাইয়ে শুরু করা যেতে পারে চাইনিজ সুপার লিগ।








