আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২০১৬ সালের প্রথম তিন দিনে দেশবাসীকে উৎসব করার একটা উপলক্ষ এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
আজ শনিবার দুপুরে বাফুফে ভবনে জাতীয় দলের কেরালায় সাফ ফুটবল খেলতে যাওয়ার প্রাক্কালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল সকাল ১০টায় কেরালার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল।
২০১৩ সালের সাফ প্রস্তুতি আর এবারের সাফ প্রস্তুতিতে ফেডারেশনের ভূমিকায় রয়েছে ব্যাপক পার্থক্য। সেবার একজন বিদেশি হেড কোচ, বিদেশি সহকারী কোচ, বিদেশি ফিটনেস ট্রেইনার, বিদেশি গোলকিপিং কোচ ছিলেন দলে। এছাড়া দেশে ও বিদেশে বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আর এবার পুরোপুরি দেশি কোচিং স্টাফ আর নেপালের বিপক্ষে এটি মাত্র প্রস্তুতি ম্যাচ।
এ প্রসঙ্গে নাবিল আহমেদ বলেন, '২০১৫ সালে জাতীয় ফুটবল দল অনেক চড়াই উৎড়াই পেরিয়েছে, কোচ বদল হয়েছে তিনবার, ডি ক্রুইফ, ফাবিও লোপেজের পর দেশি কোচ মারুফ দায়িত্ব নিয়েছেন। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা এ বছর বিশ্বকাপ বাছাইপর্বে ভালো দলের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলেছে, এছাড়া সারা বছর তারা বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, ভিন্ন ভিন্ন কোচের অধীনে আন্তর্জাতিক ফুটবলের ভিন্ন ভিন্ন কৌশল ও পারিপার্শ্বিকতা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে, তারা এখন আগের চেয়ে বেশি পরিপক্ক। আমাদের আশা এবার ফুটবল দল ভালো খেলবে। নতুন বছরের প্রথম তিন দিন জাতিকে একটা আনন্দের উপলক্ষ করে দেবে।’
উল্লেখ্য, ১ জানুয়ারি সাফের সেমিফাইনাল ও ৩ জানুয়ারি ফাইনাল।
নাবিল আহমেদ জানান, বাফুফে আগাম কোনও পুরস্কার ঘোষণা করছে না তবে ফাইনালে গেলে বা শিরোপা জিতলে ফেডারেশনের পক্ষ থেকে বোনাস ও পুরস্কারের কোনও কমতি থাকবে না।
/আরএম/এমআর/








