ফুটবলে লিগ চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেওয়ার নিয়মটা প্রচলিত। সেই নিয়মটাই মানতে দেখা যাবে গতবারের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। কারণ তারা লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রতিপেক্ষর কাছ থেকে অনেকবারই এমন সম্মান পেয়েছিল। তাই বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকেও ‘গার্ড অব অনার’ দেওয়ার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি।
বৃহস্পতিবার লিগ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ইয়ুর্গেন ক্লপের দল। নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ক্লপদের আতিথ্য দেবে সিটি। ৩০ বছর পর লিভারপুল শিরোপা জেতায় তাদের প্রাপ্য সম্মান দেওয়ার কথাই বললেন ম্যানসিটি কোচ গার্দিওলা, ‘অবশ্যই আমরা ওদের গার্ড অব অনার দেবো। আমাদের আঙিনায় ওরা যখন প্রবেশ করবে, তখন তাদের অভ্যর্থনা জানাবো। সেটা হবে অবিশ্বাস্য কোনও উপায়ে। কারণ ওরা এর প্রাপ্য ছিল।’
এদিকে ২০২১ সালে ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে গার্দিওলার। এর পর সিটিতে থাকবেন কিনা, তা আবারও এড়িয়ে গেলেন তিনি। তবে এই সময়ের মধ্যে কাটিয়ে দিতে যাচ্ছেন ৫টি মৌসুম। এত লম্বা সময় বার্সেলোনাতেও কাটাননি! এ নিয়ে তাই গুঞ্জন ছিল হয়তো চুক্তির পর আর সিটিতে থাকছেন না, চলে যাবেন অন্য কোনও ক্লাবে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালের আগে তিনি বলেছেন, ‘আমি এই ক্লাবেই সন্তুষ্ট আছি। তাই যেসব বিষয় এখনো খুব দূরে, সেসব নিয়ে ভাবতে চাই না।’








