রেকর্ড গড়তে আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে বার্সা। রবিবার বিকেলে ফাইনালে রিভার প্লেটকে হারাতে পারলেই একমাত্র ক্লাব হিসেবে এ আসরের তৃতীয় শিরোপা ঘরে তুলবে স্প্যানিশ জায়ান্ট দলটি।
অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জিততে মরিয়া আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটও। জাপানের ইকোহামায় নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় প্রত্যাশিত ফাইনালে খেলতে নামছে দল দুটি। কাতালানরা এর আগে ২০০৯ ও ২০১১ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল। বার্সার মতো সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসও। আজ জিতলে একমাত্র দল হিসেবে তৃতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়বেন মেসি-নেইমার-সুয়ারেজরা। গত শুক্রবার অস্ত্রোপচার করে মেসির কিডনির পাথর অপসারণ করা হয়েছে। নেইমারও চোট কাটিয়ে উঠেছেন। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন দুজন। তবে আজ ফাইনালে নেইমারের খেলা অনেকটা নিশ্চিত হলেও মেসিকে নিয়ে সংশয় রয়েছে। ২০১৪-১৫ মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে ও ইউরোপিয়ান সুপার কাপসহ মোট চারটি শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এবার ক্লাব বিশ্বকাপ জিতলে শিরোপার সংখ্যা আরেকটা বেড়ে যাবে।
/এমআর/








