ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনা মোটামুটি আগাগোড়াই জাগিয়ে রেখেছিল চেলসি। তবে সবচেয়ে বেশি ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল ভীষণ অনিশ্চয়তার মধ্যে। এমনকি শেষ চার দলের মধ্যে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে শেষ ম্যাচে তাদের দরকার ছিল ড্র । শেষ ম্যাচের প্রতিপক্ষ লেস্টারের সঙ্গেই তাদের লড়াইটা ছিল সরাসরি, সেই ম্যাচটিও কিনা তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড একটি পয়েন্টই নয়, পুরো তিন পয়েন্ট পেয়েই তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে পেয়েছে চ্যাম্পিয়নস লিগের টিকিট। চেলসি চারে শেষ করে গেছে চ্যাম্পিয়নস লিগে।
গত জানুয়ারিতে যখন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসকে সাইন করায় ম্যানচেস্টোর ইউনাইটেড, প্রিমিয়ার লিগে তাদের অবস্থান পঞ্চম, তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। লিগের শেষদিনে এসে ইউনাইটেডের এমন অপ্রত্যাশিত ফলটা কেউ তখন ভাবতেই পারেনি। তারা চ্যাম্পিয়নস লিগের টিকিট আদায় করেই ছাড়লো এবং সেটি কিনা লেস্টারকেই পাঁচে ঠেলে!
এই কৃতিত্বের অনেকটাই পাওনা ওই ফার্নান্দেসের। ইউনাইটেডে আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ। গোল করেছেন ১০টি। আর যে প্রভাব তিনি রেখেছেন দলে, তা যেন জীয়নকাঠি। পল পগবার সঙ্গে জুটি বেঁধে তাকে ফিরিয়ে এনেছেন ফর্মে। ৭১ মিনিটের যে পেনাল্টি গোলটাই জয়ের জন্য যথেষ্ট বলে বিবেচিত হচ্ছিল, সেটি করেছেন ফার্নান্দেস। আর ইউনাইটেড তা পেয়েছে বক্সের মধ্যে অ্যান্থনি মার্শিয়ালকে লেস্টরের দুজন ডিফেন্ডার জঘন্যভাবে ফাউল করায়। যোগ করা সময়ে, শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ইউনাইটেডের জেসে লিনগার্ড করেন ২-০। লেস্টার নিজেদের রক্ষণকে করে রেখেছিল দুর্ভেদ্য। এরইমধ্যে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্কাস রাশফোর্ড, কিন্তু লেস্টার গোলকিপার ক্যাসপার স্মেইকেলের দুর্দান্ত সেভে তা হয়নি। ওদিকে বিরতির পর জেমি ভার্ডির শট পোস্টে লেগে না ফিরলে এগিয়ে যেতে পারতো লেস্টারও। চোখের সামনে চ্যাম্পিয়নস লিগের টিকিটটা দেখতে দেখতে সেটি হারিয়ে ইউরোপা লিগে জায়গা পাওয়াটা লেস্টারের জন্য হতাশার। অবশ্য বাংলাদেশ বংশোদ্ভুত হামজা চৌধুরীর দলের জন্য প্রাপ্তি ওই ভার্ডি। ২৩ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি।
ওদিকে শেষ ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে, করেছেন ম্যাসন মাউন্ট ও অলিভিয়ের জিরু। সমান ৬৬ পয়েন্টে লিগ শেষ করেও গোল ব্যবধানে চেলসিকে পেছনে ফেলেছে ইউনাইটেড।
শেষদিনে নিউক্যাসলকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে ৯৯ পয়েন্টে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের মাঠে ৫-০ গোলে অবনমিত নরউইচকে উড়িয়ে দিয়েছে লিগ রানার্সআপ ম্যানচেস্টার সিটি।
আর্সেনাল ৩-২ গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে হয়েছে অষ্টম। লেস্টারের পরে ষষ্ঠস্থানে থেকে ইউরোপা লিগের টিকিট পেয়েছে গতবারের চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ টটেনহাম। প্রিমিয়ার লিগের চমক উলভারহ্যাম্পটন বা উলভস হয়েছে সপ্তম।








