রবিবার রাতে লা লিগার খেলায় গোল উৎসবে মেতেছে রিয়াল মাদ্রিদ। এদিন নিজেদের মাঠে রায়ো ভায়েকানোকে ১০-২ গোলে হারিয়েছেন রোনালদো-বেল-বেনজেমারা। ম্যাচে বেল করেন ৪টি গোল, বেনজেমা করেন ৩টি গোল, রোনালদো করেন ২টি গোল আর দানিলো করেন একটি গোল।
গত সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠে হেরে যাওয়া রিয়াল রোববার ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। তৃতীয় মিনিটে গ্যারেথ বেলের সোজা করে বাড়ানো বল ধরে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে অন্যকিছুর ইঙ্গিত দেয় ভায়েকানো। চতুর্দশ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে বিপজ্জনক ফাউল করায় স্প্যানিশ ডিফেন্ডার তিতো সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানাে। ২৫তম মিনিটে দানিলোর দারুণ এক ক্রসে স্কোরলাইন ২-২ করেন গ্যারেথ বেল।
তিন মিনিট বাদে চরম ধাক্কা খায় ভায়েকানো; নিজেদের ডি বক্সে স্বাগতিক অধিনায়ক রামোসের শার্ট টেনে ধরায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার রাউল বায়েনা । ফলে নয় জনের দলে পরিণত হয় ভায়েকানো। সঙ্গে পেনাল্টিও পায় রিয়াল। তা থেকেই দলকে ফের এগিয়ে দেন রোনালদো। ৪১তম মিনিটে বল পায়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বেল। ওয়েলসের এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় রিয়ালের। স্কোর দাঁড়ায় ৪-২।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরশিটে নাম লেখান বেনজেমা। ৫৩তম মিনিটে রদ্রিগেসের ক্রসে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৬-২ করেন রোনালদো। আট মিনিট বাদে হ্যাটট্রিক পূরণ করেন বেল। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আড়াআড়ি পাস পেয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন তিনি। ৭০তম মিনিটে গোলরক্ষকসহ দুজনকে কাটিয়ে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোলটি করেন গ্যারেথ বেল। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৯-২ করেন বেনজেমা। ৯০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে বেনজেমা হ্যাটট্রিক পূরণ করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে আপাতত শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এলো রিয়াল। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ করে কম খেলা বার্সেলোনা এবং অ্যাটলেতিকো মাদ্রিদ সর্বোচ্চ ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুই নম্বর স্থানটি ধরে রেখেছে।
/এমআর/








