দক্ষিণ ভারতের সমুদ্র তীরবর্তী রাজ্য কেরালার রাজধানী ত্রিবান্দ্রামে উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আগামীকাল বুধবার।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফের আট সদস্য বরাবরই এ টুর্নামেন্টে খেলে আসছে। তবে এবার পাকিস্তান না খেলাতে দল নেমে এসেছে সাতটিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপাল বনাম শ্রীলঙ্কার খেলার মধ্য দিয়ে পর্দা উঠবে উপমহাদেশের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার।
এ পর্যন্ত অনুষ্ঠিত ১১টি আসরের মধ্যে ছয়টির শিরোপা জিতেছে ভারত। মোট নয়বার ফাইনালে খেলেছে তারা। স্বাভাবিকভাবেই এবারও তারাই ফেভারিট।
ভারত ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫,২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা ১৯৯৫, বাংলাদেশ ২০০৩, মালদ্বীপ ২০০৯ ও অাফগানিস্তান ২০১৩ সালে শিরোপা জয় করে।
এবারের আসরে গ্রুপ 'এ'তে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা, আর গ্রুপ বি’তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান।
সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলাগুলো অনুষ্ঠিত হবে ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে যা গ্রিনফিল্ড স্টেডিয়াম বলেও খ্যাত। ২৪০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি ভারতের প্রথশ 'মাল্টি পারপাস' বা বহুবিধ ব্যবহারের উপযুক্ত স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলার পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরের জানুয়ারিতে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নতুন কোচ মারুফুল হকের অধীনে এবার বাংলাদেশ অন্তত সেমিতে খেলবে এটাই প্রাথমিক প্রত্যাশা। বাংলাদেশ গত দুটি আসরে গ্রুপ পর্যায় টপকাতে পারেনি। গত আসরে স্বাগতিক নেপালের কাছে ২-০, ভারতের সাথে ১-১ গোল ড্র ও পাকিস্তানের কাছে ২-১ গোল হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। সাফের এবারের আসরে বাংলাদেশের পথচলা শুরু হবে চ্যাম্পিয়ন আফগানিস্তানের বিপক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।
/এমআর/








