এএফসি কাপকে সামনে রেখে একের পর এক বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়াচ্ছে বসুন্ধরা কিংস। আগে থেকেই দলে ছিলেন আর্জেন্টাইন তারকা হার্নান বার্কোস ও ব্রাজিলিয়ান আজেভেদো দা সিলভা- যিনি আবার রবিনহো নামেও পরিচিত। এবার তৃতীয় বিদেশি হিসেবে আরেক ব্রাজিলিয়ানকে দলে এনেছে গতবারের লিগ চ্যাম্পিয়নরা। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের নাম জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ।
শুধু এএফসি কাপেই নয়, আগামী মৌসুমের ঘরোয়া লিগেও দেখা যাবে তাকে। ফার্নান্দেজকে পেতে বসুন্ধরা কিংসকে মাসে খরচ করতে হচ্ছে ১৫ হাজার ডলারের বেশি। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চেষ্টা করছি উচুঁ মানের বিদেশি এনে দলভুক্ত করতে। যেন এএফসি কাপ ও আসন্ন লিগে আমরা ভালো করতে পারি। বার্কোস ও রবিনহোর পর এবার ফার্নান্দেজও নিশ্চিত হলো। আশা করছি, মধ্য মাঠে সে ভালো করবে। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের চতুর্থ বিদেশিও ঠিক হয়ে যাবে।’
ব্রাজিলিয়ান দুই উচুঁমানের খেলোয়াড়কে পেতে বসুন্ধরা কিংসকে বাংলাদেশ থেকে সহায়তা করেছে কনফিয়ানজা স্পোর্টস ম্যানেজমেন্ট। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব বোতাফোগোর হয়ে গত পাঁচ বছরে ৭৬টি ম্যাচ খেলেছেন ফার্নান্দেজ। গোল করেছেন ১১টি। বসুন্ধরায় চুক্তি করে উচ্ছ্বসিত এই মিডফিল্ডার বলেছেন, ‘হ্যালো বাংলাদেশ। আমি ফার্নান্দেজ। সম্প্রতি বসুন্ধরা কিংসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছি। এখন এই দলের জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায়। আমি নিশ্চিত, আমাদের যাত্রাটা ভালো হবে। দেখা হবে শিগগিরই।’







