এমনিতে ফ্রান্স দল থেকে তার বাদ পড়ার কারণ নেই পল পগবার। কিন্তু যে কারণে আগামী মাসে অনুষ্ঠেয় নেশনস লিগের ম্যাচের জন্য ফ্রান্স দল থেকে বাদ পড়লেন, সেটি দুর্ভাগ্যজনক। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা করোনায় আক্রান্ত হয়েছেন, তাই ফ্রান্স দলে তার বদলি হিসেবে এদুয়ার্দো কামাভিঙ্গাকে নিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
২০১৯-২০ ফুটবল মৌসুম শেষ হওয়ার পর ইংল্যান্ডেই রয়েছেন পগবা। নতুন অতিথি আসছে ঘরে, বেশ আনন্দেই সময় কাটছে। গত শনিবার লন্ডনের অভিজাত এক রেস্তোরাঁয় তাকে তার অন্ত:স্বত্ত্বা স্ত্রী মারিয়া ও বন্ধুদের সঙ্গে দেখা গেছে। গত বুধবার ২৭ বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারের করোনা পরীক্ষা হয়, বৃহস্পতিবার ফল আসে পজিটিভ।
ডেইলি মেইল ফ্রান্স কোচ দেশমকে এভাবে উদ্ধৃত করেছে বৃহস্পতিবার, ‘পলপগবার জন্য একেবারে শেষ মুহূর্তে আমাকে দর বদলাতে হয়েছে। গতকাল তার পরীক্ষা হয়েছে, আজ সে পজিটিভ ধরা পড়লো। শেষ মুহূর্তে আমাকে তার বদলি নিতে হলো কামাভিঙ্গাকে।’
পগবাকে এখন ১৪ দিনের স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে। অর্থাৎ আগামী বুধবার থেকে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম সেসনগুলোতে থাকতে পারবেন না। নেশনস লিগে সুইডেন ও ক্রোয়েশিয়ার সঙ্গেও খেলা হচ্ছে না।
করোনা পজিটিভ হওয়ায় ফ্রান্স দল থেকে বাদ পড়েছেন টটেনহাম মিডফিল্ডার ট্যাঙ্গাই এনডোম্বেলেও।
করোনাভাইরাসের কারণে গত মৌসুমের চারটি মাস নষ্ট হয়েছে। করোনা আবার যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে শঙ্কিত হয়ে পড়ছে ইউরোপের ফুটবল।








