ইউএস ওপেন শুরুর আগে প্রস্তুতিটা দাপটের সঙ্গেই শেষ করলেন নোভাক জোকোভিচ। প্রস্তুতিমূলক ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা ঘরে তুলেছেন তিনি। অবশ্য এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বছরের পুরোটা সময় অপরাজেয় থাকলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।
এবারের ইউএস ওপেনটা হচ্ছে প্রায় তারকাহীন। বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল নেই, খেলছেন না রজার ফেদেরারের মতো কিংবদন্তিও। তাই শিরোপা জেতার পথে নোভাক জোকোভিচই এখন ফেবারিট। তবে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে লড়াইয়ের মুখেও পড়তে হয়েছিল তাকে। ফাইনালে শুরুটা হার দিয়ে করেছিলেন। কানাডিয়ান মিলোস রাউনিক প্রথম সেট জিতে নিয়েছিলেন ১-৬ গেমে। তবে পরের দুই সেটে আর পারেননি সার্বিয়ান তারকার সাথে। জোকোভিচ জিতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
এই শিরোপাটি জোকোভিচের ক্যারিয়ারের ৮০তম। এটিপি মাস্টার্স শিরোপা জয়ের ক্ষেত্রে নাদালের সর্বকালের রেকর্ডেও (৩৫টি) ভাগ বসিয়েছেন তিনি।
অবশ্য ফাইনালের শুরুটা শ্লথ হওয়ার পেছনে কারণও ছিল জোকোভিচের। সেমিফাইনালে তিন-চার ঘণ্টার ম্যারাথন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল স্পেনের রবার্তো বাতিস্তার বিপক্ষে। তার পরেই সার্বিয়ান তারকার ফিজিওথেরাপি নিতে হয়েছিল। ফাইনালের পর তার প্রতিক্রিয়া, ‘শুরুটা ধীর গতির ছিল। তবে আমার মনে হয়, মিলোস যেমন ফর্মে ছিল সে অনুযায়ী আমি ভালোই খেলেছি। বলতে গেলে ও কোর্টে রকেট ছুঁড়ছিল, সে তুলনায় জবাব দেওয়াটা ছিল কঠিন।’
এদিকে মেয়েদের এককে শিরোপা জিতেছেন দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। মূলত ফাইনাল থেকে নাওমি ওসাকা ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেন। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতাতেই শিরোপা ঘরে তুলেছেন বেলারুশিয়ান এই তারকা।








