জীবানু সুরক্ষিত পরিবেশ তৈরি করেও বিপাকে পড়েছে ইউএস ওপেন। টুর্নামেন্ট শুরুর আগের দিন করোনা পজিটিভ হয়েছেন এক খেলোয়াড়। নিয়ম অনুযায়ী তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই টুর্নামেন্ট থেকে।
রবিবার যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানালেও, তার পরিচয় প্রকাশ করেনি। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, আক্রান্ত ব্যক্তিটি হলেন ফরাসি বেনোয়া পেয়ের। এর ফলে ১০ দিনের জন্য তাকে আইসোলেশনে থাকতে হবে। পেয়েরের বদলে ছেলেদের এককের মূল ড্রয়ে খেলবেন স্প্যানিশ মার্সেল গ্রানোয়ার্স।
করোনা আক্রান্ত হলেও পেয়েরের মাঝে কোনও উপসর্গ নেই। তবে এই সময়ে কেউ তার সান্নিধ্যে এসেছেন কিনা, তা জানতে পদক্ষেপও নিয়েছে কর্তৃপক্ষ। তেমন কাউকে পাওয়া গেলে তাকেও কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন।
এদিকে জীবানু সুরক্ষিত পরিবেশেও করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে খেলোয়াড়দের মাঝে। ব্রিটিশ তারকা জোহানা কোনটা যেমন বলেছেন, ‘হয়তো পজিটিভের সংখ্যাটা কম, কিন্তু এমন পরিবেশে বিষয়টা অন্যরকমই হয়ে দাঁড়াচ্ছে। যেখানে নেগেটিভ হওয়ার পর লোকজন আবার পজিটিভ হয়ে যাচ্ছে। মূল ইস্যুটা হচ্ছে পরিবেশটা পুরোপুরি সুরক্ষিত নয়। কারণ টুর্নামেন্টে অনেকেই আছেন, যারা প্রতিনিয়ত আসা যাওয়ার মধ্যে আছেন।’








