নেশনস লিগে আবারও জয়ের ধারায় ফিরেছে ইতালি। ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
টানা ১১ ম্যাচ জেতা ইতালির ছন্দপতন ঘটে গত শুক্রবার। বসনিয়ার বিপক্ষে ঘরের মাঠে তারা ড্র করে বসে ১-১ গোলে। তবে নেদারল্যান্ডসের ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আর খোলসবন্দি হয়ে থাকেনি আজ্জুরিরা। ম্যাচের শুরু থেকেই খেলেছে আধিপত্য বিস্তার করে। তবে শুক্রবারের ম্যাচ থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন রবার্তো মানচিনি।
ইতালি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত। সিরো ইম্মোবিলের ক্রস থেকে অসাধারণ হেডে জালে বল পাঠান নিকোলা বারেল্লা। নেদারল্যান্ডসের একটি প্রচেষ্টাই ছিল কাজে লাগানোর মতো। প্রথমার্ধে জর্জিনিয়ো ভিনাদালদাম শট নিয়েছিলেন ঠিকই, কিন্তু তা সরাসরি গিয়ে পৌঁছায় ইতালি গোলকিপার দোন্নারুম্মার কাছে।
এই জয়ের ফলে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে শীর্ষে উঠে এসেছে ইতালি। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তারপরেই রয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। যাদের সংগ্রহ ৩ পয়েন্ট করে।
এদিকে লিগ ‘বি’-এর ১ নম্বর গ্রুপে গোল উৎসব করে জিতেছে নরওয়ে। তারা নর্দার্ন আয়ারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে।








