ভোটারদের বিজয় দেখছেন সালাউদ্দিন

তানজীম আহমেদ
০৪ অক্টোবর ২০২০, ১১:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১২:৩৯

বিজয়ের পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কাজী সালাউদ্দিন ও তার প্যানেলের সদস্যরা।

বাইরে তখন সমর্থকরা স্লোগান দিচ্ছিল। নির্বাচনের কেন্দ্র থেকে ভোটের ফল বেরোতেই তাদের জয়ধ্বনি। শনিবার মধ্যরাতে শেষ দিকে তো সমর্থকরা কেন্দ্রের ভেতরেই ঢুকে পড়েছিলেন। নবনির্বাচিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে হাত মেলাতে তাদের কতো আকুতি! তাদের ভিড়ে চতুর্থবারের মতো নির্বাচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতিকে ভেতরের রুমে আটকাই পড়তে হয়েছিল।

ঠিক এমন পরিস্থিতি হয়েছিল চার বছর আগেও। যখন তৃতীয়বার নির্বাচিত হয়েছিলেন। এই যে বিজয়ের পরের আনন্দ-বিড়ম্বনা, এমনটি নিজেও আশা করেছিলেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা সালাউদ্দিন। তাই তো তার মুখে ক্লান্তি ছাপিয়ে হাসি লেগে ছিল এত রাতেও। চতুর্থবার বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ যার হাতে কাউন্সিলররা অর্পণ করেছেন, সেই সালাউদ্দিন এই বিজয়কে ভোটারদের বিজয় হিসেবেই দেখছেন। ভোটের আগে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও কাজী সালাউদ্দিনের সামনে অন্য দুই প্রার্থী খড়কুটোর মতো উড়ে গেছেন। তার বাক্সে পড়েছে ৯৪টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ও শফিকুল ইসলাম মানিক পেয়েছেন এক ভোট।

ভোট গণনা শেষ হওয়ার পরই কেন্দ্রের ভেতরে তাৎক্ষণিকভাবে সালাউদ্দিন সহ অন্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এরপর জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ৬৬ বছর বয়সী সাবেক তারকা বলেছেন, ‘আমাদের জয়টা ভোটারদের বিজয়। নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলেছে। উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের, ভোটাররা তার উত্তর দিয়েছে। ভোটারদেরকে আমি এবং আমার প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

সালাউদ্দিন এখন চারবারের সভাপতি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আত্মবিশ্বাসী সুরের দেখা মিললো তার কণ্ঠে, ‘আমরা ফুটবল করছি। ১২ বছরে কোনও লিগ বা খেলা মিস হয়নি। এটা করি বলেই খেলোয়াড়রা এবং কাউন্সিলরা যারা ফুটবলের সঙ্গে সরাসরি জড়িত, তারাই আমাকে সাপোর্ট করে। এটাই জয়ের একমাত্র কারণ। আজকে সব খেলোয়াড়, বর্তমান ফুটবলার আমাকে শুভেচ্ছা দিতে আসছে। যারা এখন খেলছে, অতীতের খেলোয়াড়রা না। আজকের খেলোয়াড়রা যখন আমাকে শুভেচ্ছা দিচ্ছে, তখনই বুঝেছি হয়তো আমি ঠিক কাজ করেছি।’

নির্বাচনের আগে সালাউদ্দিনকেও অনেক হার্ডল পাড়ি দিতে হয়েছে। তাই একটু পেছনে ফিরে যান তিনি, ‘মিডিয়াতে অনেক কথা শুনেছি। অনেকে বলেছে আমার ১০ ভোট নাই, ১২ ভোট নাই। যতো বছরই যাচ্ছে, আমি ৮০ ভোটের বেশি পেয়ে পাস করেছি। ২০১৬ সালে ৮৪ ভোট পেয়েছি। আমার ভোট কিন্তু বাড়ছে। ফুটবল যারা করে, তাদের কাছে তো আমি জনপ্রিয় আছি।’

তাই নির্বাচিত হয়ে নির্বাহী কমিটির সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন সালাউদ্দিন, ‘যারা নির্বাচিত হয়ে এসেছে, তারা আমার প্যানেল থেকে আসুক বা অন্য প্যানেল থেকে। তাদেরকে তো ভোটাররা এনেছে। অবশ্যই আমি তাদের সঙ্গে কাজ করবো। কারণ আমি তো ফুটবল করতে আসছি। এটা রাজনীতি না যে এক দলের সঙ্গে আরেক দলের মিলবে না।’

চারবারের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও বলেছেন ভোটাররা আস্থা রাখাতেই তাদের এই বিজয়, ‘ভোটাররা যে আমাদের ওপর আস্থা রেখেছেন, সেটাই প্রমাণিত হলো। আমাদের সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এ বিজয় আমি আমাদের পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করলাম।’

প্রথমবার বাফুফের সহ-সভাপতি হয়ে আতাউর রহমান ভূঁইয়া মানিকের প্রতিক্রিয়া, ‘আজকের এই বিজয়ে প্রমাণ ঘটেছে যে কাজী সালাউদ্দিন ১২ বছর ধরে যা করেছে, তা আসলেই ঠিক করেছিল। আজকের এই বিজয়ে আমি সম্মানিত ডেলিগেটদের ধন্যবাদ জানাই, তারা সুচিন্তিত মতামত এবং বিচক্ষণতা দিয়ে প্রমাণ করেছে। আমি আমাদের পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।’

টানা দ্বিতীয়বার বাফুফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে মাহফুজা আক্তার কিরনও খুব আনন্দিত, ‘আমি কাউন্সিলর ভাই-বোনদেরকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের আজকে বিজয়ী করেছেন। ফিফা-এএফসিতে আমি সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু বাফুফেতে এমন জয়ে আনন্দ বেশি। এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’




/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম