‘সুপার সাব’ মেসিতে উদ্ধার বার্সেলোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ০২:৩৫আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৭:১২

বার্সেলোনার প্রথমার্ধে মেসির জায়গা ছিল বেঞ্চে                   -এফসি বার্সেলোনা টানা ৩৭টি লিগ ম্যাচের শুরু থেকে নেমে শেষ করে আসা মেসিকে এই প্রথম বেঞ্চে বসে থাকতে দেখে বিস্মিত সবাই। ম্যাচের পর কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, মেসির সামান্য চোট ছিল বলে তাকে আজ প্রথম একাদশে নামানো হয়নি। ঠিক ছিল যে প্রয়োজনেই তাকে ডাকা হবে। প্রয়োজন পড়লো একটু আগেভাগেই। ৪৬ মিনিটে মাঠে নেমে মেসি যেভাবে খেলাটা বদলে দিলেন, পেনাল্টি থেকে গোল করলেন, ওপেন প্লে থেকে মৌসুমে প্রথম গোল পেলেন তাতে কোম্যানকে কেউই বিশ্বাস করতে চাইবে না যে বার্সেলোনা অধিনায়কের সামান্যতম চোট ছিল।

সত্যিটা বোধ হয় এই, মেসির ভেতরের আগুনটাকে তীব্রভাবেই জ্বালিয়ে দিতে চেয়েছিলেন ডাচ কোচ। শনিবারের সন্ধ্যায় সেটি তিনি পেরেছেনও। মেসি যখন নামেন বার্সেলোনা ১: ১ রিয়াল বেতিস। যখন রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলেন, মেসির নামের পাশে দুই গোল, বার্সেলোনা ৫: ২ বেতিস। অক্টোবর মাসে দুটি জয়ে নিজেদের যাত্রা শুরু করে এই প্রথম লিগে জয়ের স্বাদ বার্সেলোনার। তারপরও লিগ টেবিলের ১২তম জায়গা থেকে চারধাপ ওপরে ওঠা গেছে। দুই বছর আগে যাদের মধ্যে লা লিগার অজেয় অধিপতির চেহারা খুঁজে পেয়েছিল সবাই, কী ভয়াবহ তাদের অবস্থা। মেসিকে দ্বিতীয়ার্ধে না নামালে আরও কতটা অতলে নামতো তারা কে জানে!

গত মাসে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুলব্যাক বিজেন্তে লিজারাজু গ্রিজমানের গোলখরা বা আক্রমণভাগে নিষ্প্রভতা দেখে বলেছিলেন, ‘সমস্যা ট্যাকটিকসের নয়, সে (গ্রিজমান) আদতে জানেই না বার্সেলোনার জার্সিতে কীভাবে ফুটবল খেলতে হয়।’ ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এতটা খারাপ নন, গোল করাটা ভুলেও যাননি। শুধু ভুলে গেছেন কীভাবে ফিনিশ করতে হয়! রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে গোলের এমন তিনটি সুযোগ নষ্ট করে আনসু ফাতির আদায় করা পেনাল্টিও মিস করেছেন গ্রিজমান। তার ‘হরর শো’র পর বার্সেলোনা যখন ওসমানা ডেম্বেলের তীব্রগতির গোলে ১-০ এগিয়ে বিরতিতে যাবে, তখনই ১-১ করে ফেলে বেতিস। বার্সেলোনা যুবদলেরই সাবেক খেলোয়াড় সেনাব্রিয়ার মাধ্যমে।

ফাতিকে বদলে দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসিকে নামান কোম্যান। জর্ডি আলবার ক্রসে পা না ছুঁইয়ে মেসি ডামি করে গ্রিজমানকে বল সাজিয়ে দেন। মুখে ধরা খাবার যেমন না খেয়ে পারা যায় না, এবার বল পেয়ে গোল না করে উপায় ছিল না। গ্রিজমান শুধু পা ছুঁইয়ে বলটি জালে ঠেলেছেন। ডেম্বেলের শট হাতে লাগিয়ে পেনাল্টি উপহার দেওয়ার সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিস ডিফেন্ডার ম্যান্ডি। ৬১ মিনিটে দুর্দান্ত স্পট কিকে ৩-১ করেন মেসি। দশজনের বেতিসের বিপক্ষে বার্সেলোনা যেখানে ভয়ঙ্কর হয়ে উঠবে তা নয়, উল্টো গোল খায় ৭৩ মিনিটে। আবারও পিকে-লেংলে-রবার্তোদের ক্ষমাহীন  ভুল কাজে লাগিয়ে গোল করেন লোরেন। ৮১ মিনিটে রবার্তোর পাসেই মৌসুমে প্রথম ওপেন প্লে থেকে  মেসির (৪-২) প্রথম গোল। পরপরই ‘ভার’ সিদ্ধান্তে গোলটি বাতিল না হলে মৌসুমে প্রথম হ্যাটট্রিকই হয়ে যায় মেসির। অধিনায়ক হ্যাটট্রিক না পেলেও ১৭ বছর বয়সী পেদ্রি লিগে নিজের প্রথম গোল করে সন্ধ্যাটিকে স্মরণীয় করেছেন। রক্ষণ কাজে নিজের কিছু ভুলের প্রায়শ্চিত্ত করে ৯০ মিনিটে এ গোলটিরও নির্মাতা ছিলেন রবার্তো।

লিগে ভুলে যাওয়া গন্ধের মতো জয় ফিরে পেয়ে পয়েন্ট তালিকার আটে উঠেছে বার্সেলোনা। মেসি জোড়া গোল পেয়েছেন, গ্রিজমানকে গোল পেতে সাহায্য করে তার মনোবল বাড়িয়েছেন। লিগে এরপর যদি বার্সেলোনা ফিরতে পারে নিজেদের কক্ষপথে! আন্তর্জাতিক বিরতির পরপরই তাদের কঠিন পরীক্ষা দিতে হবে আতলেতিকো মাদ্রিদের মাঠে গিয়ে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম