ইনজুরির মিছিল দিনকে দিন বড় হচ্ছে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। তার পরেও লিগ ওয়ানে ছন্দ ধরে রেখেছে তারা। চোট জর্জর হয়ে রেনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে তাদের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে ময়েজ কিনসহ বেশ কয়েকজনের চোট।
৪ ম্যাচে তৃতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ সময় নেননি দলটির ইতালিয়ান স্ট্রাইকার ময়েজ কিন। ১১ মিনিটে ডি মারিয়ার বানিয়ে দেওয়া বলে ক্রস শটে জাল বল পাঠান তিনি।
ইতোমধ্যে চোট নিয়ে ছিটকে গেছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, কিম্পেম্বে, ইকার্দি, ভেরাত্তি, ড্রাক্সলার, বার্নাত, সারাবিয়া। ম্যাচের এক মিনিট বাদে সেই তালিকায় যোগ দেন ইদ্রিসা গিয়েও। অবশ্য এর প্রভাব পড়তে দেননি ডি মারিয়া। ১০ মিনিট বাদে ব্যবধান বাড়িয়ে নেন অসাধারণ এক লব থেকে। অবশ্য এর পর চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় ডিফেন্ডার থিলো কেহরেরকেও।
তার পর চোট জর্জর পিএসজির দুর্দশা আরও বাড়িয়ে দেন ময়েজ কিন। ঘণ্টা পূরণের আগে খুঁড়িয়ে মাঠ ছেড়ে যান তিনি। তার বদলে মাঠে নামেন ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো পেরেইরা। এমন পরিস্থিতিতেও পিএসজির ছন্দ ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যান ডি মারিয়া। ৭৩ মিনিটে জোড়া গোলে স্কোর লাইন করেন ৩-০। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই পিএসজি। দুইয়ে থাকা লিলের সংগ্রহ ১৯ পয়েন্ট।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে বাসেকশেহিরের কাছে হারসহ আর্সেনালের কাছে হারের পর মনে হচ্ছিল আরও নেতিবাচক খবর শোনাতে যাচ্ছে ম্যানইউ। ১৯ মিনিটে এভারটন এগিয়ে গেলে সুলশারকে চাপ মুক্ত রাখতে সব চেয়ে বড় ভূমিকা ছিল ব্রুনো ফার্নান্দেসের। জোড়া গোল করেছেন ২৫ ও ৩২ মিনিটে। কাভানি শেষ দিকে যোগ করা সময়ে করেছেন একটি গোল। পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসিও। তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ব্লুরা। তাতে তৃতীয় স্থানে উঠে গেছে চেলসি।








