করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব থেকে ফুটবলকে বাঁচাতে ইউরোপে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে গত জুন মাস থেকে। স্বাস্থ্যবিধি মেনে স্বল্পসংখ্যক দর্শককে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে ফ্রান্স, ইতালি ও জার্মানিতে। গত সেপ্টেম্বর-অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন টেনিসে ৫ হাজার দর্শকের প্রবেশাধিকার চাওয়া হলেও শেষপর্যন্ত এক হাজারের অনুমতি দেয় ফ্রান্স সরকার। বাংলাদেশও করোনায় স্থগিত থাকা মাঠের ফুটবলকে আবার স্বাগত জানাতে চলেছে দর্শকের সামনে। আসন্ন বাংলাদেশ-নেপাল জোড়া প্রীতি ম্যাচ মাঠে বসে দেখতে পারবে ৮ হাজার দর্শক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজারের মতো। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করোনা অতিমারির সময়ে বুঝে-শুনে অল্পসংখ্যক দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে যাচ্ছে। ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়। সবধরনের স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের স্টেডিয়ামে এসে খেলা দেখতে হবে। দুটি ম্যাচে ৮ হাজার করে টিকিট ছাড়া হবে। বঙ্গবন্ধু জাতীয় গ্যালারির টিকিটের দাম দাম ধরা হয়েছে ১০০ টাকা ও ভিআইপি টিকিট ৫০০ টাকা ।
ম্যাচের আগে স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় বিক্রি হবে টিকিট। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে হবে ৫,১৩,১৪,১৬ ও ১৯ নম্বর গেট দিয়ে। বাংলাদেশ টেলিভিশন সরাসরি খেলা দেখাবে, সুতরাং মাঠে না এসেও খেলা দেখার সুযোগ থাকছে ফুটবলামোদীদের। বিটিভি ছাড়াও একটি বেসরকারি টিভি খেলা দেখাতে পারে বলে জানিয়েছে বাফুফে।








