রবিবার সকালে হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন। কিন্তু হেড কোচ জেমি ডে করোনা পজিটিভ হওয়ায় সকালের নির্ধারিত অনুশীলনটি পরে বাতিল হয়েছে। তাই বলে তো আর বসে থাকা যাবে না। মঙ্গলবার নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। আজ বিকাল ৩টায় ডে কে ছাড়াই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামছে জামাল ভূঁইয়ারা। সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছে।
গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর মাঝখানে একদিন বিশ্রাম নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে তাই আজ প্রথম মাঠের অনুশীলনে নামছে স্বাগতিকরা। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, বিকালের অনুশীলনের এই খবর। ডে না থাকায় আপাতত দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনেই হবে এই অনুশীলন।
এদিকে জেমি ডের আজকেই আবার নতুন করে করোনা পরীক্ষা হওয়ার কথা আছে। কিন্তু সংক্রমণের খবরে এই মুহূর্তে আইসোলেশনে আছেন ইংলিশ এই কোচ।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।








