জেমি ডেকে ডাগ আউটে রেখেই নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু করোনার হানায় ইংলিশ এই কোচ থাকতে পারছেন না আজকের দ্বিতীয় ম্যাচে (শুরু হবে বিকাল ৫টায়)। স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতি প্রভাব ফেলার কথা। কিন্তু এমন কিছু যাতে না হয়, সেজন্য হোটেল রুমে আইসোলোশনে থাকলেও জামালদের করণীয় ঠিক করে দেওয়া আছে তার।
বাংলা ট্রিবিউনকে এই কোচ মঙ্গলবার বলেছেন, ‘এই ম্যাচ জিততে পারলে ভালো হবে। তবে আমি মনে করি, আজকের ম্যাচটা আগের চেয়ে অনেক কঠিন হবে। অবশ্য ওদেরকেও সেভাবেই নির্দেশনা দেওয়া আছে।’
অবশ্য মাঠে না থেকেও এই ম্যাচের সঙ্গে ডে যুক্ত থাকছেন ঠিকই। হোটেল রুমে বসেই জীবন-সুফিলদের খেলা দেখবেন। তাই জামালদের উদ্দেশ্যে বলেছেন, ‘ম্যাচ উপভোগ করো, কঠোর পরিশ্রম করো। আমি আগেও বলেছি, ম্যাচের ফল নিয়ে উদ্বিগ্ন নই। জিততে পারলে ভালো হবে। কিন্তু খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা আগে দেখতে হবে। সেটাই প্রথম অগ্রাধিকার।’
আজ জিতলে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করবে ২-০ ব্যবধানে। ডের অনুপস্থিতি কতটুকু অনুভূত হবে? ডে নিজে অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নন, ‘আমি মাঠে না থাকলে কোনও সমস্যা হবে না মনে করি। ফিটনেস ঠিক থাকলে, ঠিকমতো খেলতে পারলে ভালো হবে। খেলোয়াড়দের সব তথ্য দেওয়া আছে। তাদের কী করতে হবে, তারা সেটা জানে। এছাড়া স্টুয়ার্টও অভিজ্ঞ কোচ। সেও নির্দেশনা দিতে পারবে।’







