বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৭৬ শতাংশ বলের দখল রেখে বাংলাদেশের ওপর বুলডোজার চালিয়েছে স্বাগতিক দল। গোলকিপার আনিসুর রহমান জিকো থেকে শুরু পুরো রক্ষণভাগকেই তটস্থ থাকতে হয়েছে পুরোটা সময়। ম্যাচের শেষের দিকে এসে বাঁ পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অন্যতম রক্ষণস্তম্ভ তপু বর্মণকে। আপাতত দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু ফেডারেশন কাপ ফুটবলের শুরুর ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে তার মাঠে নামা অনেকটাই অনিশ্চিত। শনিবার রাতে কাতার থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। যে যার ক্লাবে ফিরে গেছেন। বসুন্ধরার ক্যাম্প থেকে তপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাতারেরর বিপক্ষে শেষের দিকে পায়ে ব্যথা পেয়েছি। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে মাঠ ছাড়তে হয়েছিল। এখন ফিজিও আমাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছে। চেষ্টা করবো ফেডারেশন কাপের শুরু থেকে খেলার। তবে তার আগে শতভাগ ফিট হতে হবে।’
কাতার ম্যাচে বাংলাদেশ দলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। সবাই ক্লান্ত, বিধ্বস্ত। তপু বলছিলেন, ‘কাতার এশিয়ান চ্যাম্পিয়ন দল। তাদের ফরোয়ার্ড জোন বেশি শক্তিশালী। সেটা তো মাঠেই প্রমাণিত হয়েছে আবারও। ওদের মাঠে ওরা স্বভাবসুলভ খেলে জিতেছে। আসলে আমাদের কিছু করার ছিল না। ওরা সবদিক দিয়েই অনেক এগিয়ে।’








