আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন বেশি দিন হয়নি। সেই শোক কাটতে না কাটতে আরও একটি দুঃসংবাদ মিললো মেসির দেশ থেকে। এবার পরপারে পাড়ি জমিয়েছেন মেসিদের ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবেয়া। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ম্যারাডোনার মারা যাওয়ার পর দিনই সাবেয়ার অসুস্থতার খবর জানা গিয়েছিল। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগ সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক লিডস ও শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। নভেম্বরে ২৬ তারিখ হৃদরোগের চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ভালো সাড়া দিলেও দ্রুত তার পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সাবেয়া এর পর দুই সপ্তাহ বুয়েন্স এইরেসের একটি ক্লিনিকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হলে আর পেরে উঠেননি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও।
আর্জেন্টিনার হয়ে ৮ ম্যাচ খেলা সাবেয়া মেসিদের হয়ে কোচিং শুরু করেন ২০১১ সালে। যার ইতি টানেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের পর।








