বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ ফুটবলের ফাইনালে উঠেছিল জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুনদের হাতে গড়া ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। সাতক্ষীরা থেকে উঠে আসা দলটি অবশ্য ট্রফি ছুঁতে পারেনি। তাদের ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী থেকে আসা এফসি ইউনাইটেড।
শুক্রবার পল্টন মাঠের ফাইনালে বিজয়ী দলের হয়ে গোল করেছেন মাজহারুল ইসলাম রুহেল ও তানভির হোসেন রাহুল। ম্যাচ ও টুর্নামেন্টসেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির হোসেন। চ্যাম্পিয়ন দল পেয়েছে এক লাখ টাকা। আর রানার্সআপ দল পেয়েছে ৫০ হাজার টাকা।
ফাইনালে প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আদাসুজ্জামান কোহিনূর।








