আর্থিক সমস্যায় জর্জরিত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তারপরও তাদের অনুশীলন বন্ধ নেই। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু ফেডারেশন কাপ ফুটবলে খেলবে লাল জার্সিধারী দলটি। আর্থিক সমস্যার মধ্যেও ক্লাবটি বিদেশি কোচের দিকে হাত বাড়িয়েছে। আনছে মালয়েশিয়ার এক কোচকে, যিনি রাজা ইসা নামে পরিচিত তার দেশে।
৫৪ বছর বয়সী রাজা ইসা এর আগে নিজের দেশ মালয়েশিয়া ছাড়াও ইন্দোনেশিয়ার বিভিন্ন দলের হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছেন। আগামী ২১ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে তার।
মুক্তিযোদ্ধার ম্যানেজার আরিফুল ইসলাম এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের আর্থিক সমস্যা রয়েছে। এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা সহায়তার আশ্বাস পেয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও চেষ্টা করে যাচ্ছেন। তাই সেই ভরসা থেকে আমরা বিদেশি কোচ আনতে যাচ্ছি।গতবার স্থানীয় কোচের অধীনে দল ভালো করতে পারেনি। তাই এবার মালয়েশিয়া থেকে কোচ আনতে যাচ্ছি।’








