অনেক সময় নিজের দেশে বসেই শিষ্যদের খেলা পর্যবেক্ষণ করে থাকেন ইংলিশ কোচ জেমি ডে। ঘরোয়া ফুটবল চলাকালেও লন্ডনে থেকে একই কাজটি করে থাকেন। যা নিয়ে কথা ওঠেছে অনেকবার। তাই এবার ডে কে বাংলাদেশে রেখে এই কাজটি করাতে চায় বাফুফে। যাতে মাঠে স্বশরীরে উপস্থিত থেকে দল নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন অন্তত এমনটাই চাইছেন।
বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভাতে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী ফেডারেশন কাপ শেষে প্রিমিয়ার লিগ শুরু হবে ১৩ জানুয়ারি। বার্ষিক সূচি ও জিমনেসিয়াম স্থাপনেরও অনুমোদন হয়েছে সভায়।
সভা শেষে কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘খেলাগুলো যখন হয়, তখন অনেক খেলোয়াড়ের পারফরম্যান্স আপ-ডাউন হয়। আমার মত হলো কোচ যেন মাঠে বসে খেলা দেখে। ভিডিওতে দেখা আর সামনে বসে দেখা এক নয়। আমার অনুরোধ থাকবে টিম ম্যানেজেমন্টের প্রতি, যেন কোচ যতদূর পারে এখানে থেকে খেলা দেখতে পারে।’
এরপরই এই কর্মকর্তা সভার অন্য সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘জিমনেসিয়াম স্থাপনের জন্য অনুমোদন হয়েছে। আশা করছি, জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে একাডেমির কাজও শুরু হয়ে যাবে। ক্লাবগুলোর খেলা ও জাতীয় দলের খেলার সঙ্গে সমন্বয় করে সূচি ঠিক করা হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। কারও কোনও আপত্তি নেই।’








