আর্থিক সঙ্কটে পড়েছে এক সময়কার বড় দল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়াচক্র। নানাভাবে তারা অর্থ সংগ্রহ করছে। কর্মকর্তাদের পাশাপাশি দলের অধিনায়ক জাপানি খেলোয়াড় ইউসুকে কাতো নিজের দেশের মানুষের কাছ থেকে সাহায্য আনছেন। এরইমধ্যে একটি কোম্পানি ১০ হাজার ডলার দিয়েছে। অন্যদেরও দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। তবে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি মাঠে সমর্থকদের সমর্থনও চাইছেন কাতো।
আগামীকাল রবিবার ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে মুক্তিযোদ্ধার মৌসুম। যদিও ক্লাবের মালয়েশিয়ান কোচ রাজা ইসা এখনও আসেননি। রবিবার রাতেই ঢাকায় আসার কথা। কোচ ছাড়াই মাঠে নামবে দলটি। আর প্রথম ম্যাচ থেকে সমর্থকদের সমর্থন পাবেন বলে আশা করছেন অধিনায়ক কাতো।
বাংলা ট্রিবিউনকে জাপানি মিডফিল্ডার বলেছেন,‘আমরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি যাতে এই ক্লাবটি বাঁচে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিয়ে রাখা ক্লাবটি যেন হারিয়ে না যায় সেই চেষ্টা করছি। এর জন্য যেমন আর্থিক সহায়তা প্রয়োজন, তেমনি দরকার সমর্থকদের সহযোগিতাও। তারা যদি মাঠে কিংবা মাঠের বাইরে থেকে বিভিন্নভাবে আমাদের সমর্থন করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আর সাফল্য পেলেই তখন স্পনসরা এগিয়ে আসবে।’
এই ফেডারেশন কাপ দিয়েই মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে চাইছে। যদিও এই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী আছে। তাই তাদের জন্য নকআউট পর্বে জায়গা করে নেওয়াটা কঠিন। তবে এই কঠিনকেই জয় করতে চাইছেন ইউসুকে কাতোসহ অন্য খেলোয়াড়েরা।








