নতুন বছর ২০২১ সালে ছেলেদের জন্য রয়েছে অনেক প্রতিযোগিতা। সারা বছরই ব্যস্ত সূচি। মেয়েদের ফুটবলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেক কর্মসূচি। ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সাবিনা-কৃষ্ণারা ব্যস্ত থাকবেন খেলার মাঠে।
নতুন বছরে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে মেয়েরা। গত দেড় বছরে আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে ফিফার র্যাংঙ্কিংয়ে নেই বাংলাদেশের নাম। বাফুফে এবার ফিফার মেয়েদের ফুটবলের র্যাঙ্কিংয়ে দেশের নাম তুলতে চায়। তাই ফিফা অনুমোদিত সময়ে খেলতে চায় ম্যাচ।
আগামী ফেব্রুয়ারি, এপ্রিলে, সেপ্টেম্বর ও নভেম্বরে রয়েছে ফিফার নির্দিষ্ট সূচি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবল হবে জুলাইতে। এছাড়া এএফসি অনূর্ধ্ব-১৭ ও ২০ এবং সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল তো রয়েছেই। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এ প্রসঙ্গে বলেছেন,‘আমরা ২০২০ সালে মেয়েদের খেলাগুলো আয়োজন করতে পেরেছি। নতুন বছরেও সবকিছু আয়োজন করতে চাই। আন্তর্জাতিক ম্যাচও খেলবে দল।’
আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাও হবে সমান তালে। দীর্ঘ ৬ বছর পর মেয়েদের লিগ হয়েছে ২০২০ সালে। বাফুফে চাইছে আগামী মার্চেই আরেকটি লিগ শুরু করতে। এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি হবে দলবদল। জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-১২ ও ১৪ ফুটবলও হবে দেশব্যাপী।








