সাবেক বাংলাদেশ কোচ শেন জার্গেনসেনকেই বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অসি এই ক্রিকেটার।
আপাতত অ্যাসাইনমেন্ট ভিত্তিক কোচ হিসেবেই থাকছেন জার্গেনসেন। বছরের শেষ দিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরেও দলটির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এরপরে চুক্তির মেয়াদ হয়তো বাড়তেও পারে।
সম্প্রতি দিমিত্রি ম্যাসকারেনহ্যাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই বোলিং কোচের পদটি খালি হয়। এ প্রসঙ্গে জার্গেনসেন বলেন, ‘এই দলটির সঙ্গে আমি আগেও কাজ করেছি। তারা সম্প্রতি যেভাবে উন্নতি করেছে সেই ধারাবাহিকতার সঙ্গে কাজ করতেই এখন মুখিয়ে আছি।’
এর আগে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন জার্গেনসেন। মূলত বাংলাদেশের কোচ ছিলেন বলেই উপমহাদেশের কন্ডিশন নিয়ে তার অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে চাইছে কিউই ক্রিকেট বোর্ড।
/এফআইআর/








