কয়েক দিন আগে সাকিব-তামিমের বৈরী সম্পর্ক নিয়ে বোমা ফাটিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দুদিন পর জানালেন সাকিব-তামিমের 'বাজে' সম্পর্কের কথা নাকি মিডিয়া থেকেই শুনেছেন বোর্ডপ্রধান। মাত্র দুদিনের ব্যবধানেই সুর পাল্টে দিলেন বোর্ড সভাপতি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে টিম হোটেলে পুরো দলের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পাপন। রাত ৮টা থেকে প্রায় ঘণ্টাখানেক তামিমদের সঙ্গে বৈঠক করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
তামিম-সাকিবের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘তামিম-সাকিবের সমস্যা এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।’
পাপন আরও বলেছেন, 'আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় সবকিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনও সমস্যা দেখিনি। এর আগে শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।'
এর আগে ক্রিকবাজকে সভাপতি নাজমুল হাসান বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক নেই। তার কথাতেই স্পষ্ট, সিনিয়র দুই ক্রিকেটারের জন্যই এমন অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়েছে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি, এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’
সোমবার বৈঠকের পর বিসিবি সভাপতি কথা বলছেন তামিমের সুরেই, ‘আমি ওদের ডেকে বলেছি কোনও সমস্যা আছে কিনা? ওরা দুজনেই আমায় আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনও প্রভাব পড়বে না। যাই থাকুক খেলায় কোনও প্রভাব পড়বে না, আমিও সাক্ষাৎকারে সেটা বলেছি, তামিমও বলেছে।’
পাপন আরও বলেছেন, 'ওদের সাথে ব্যক্তিগতভাবে বসেছিলাম। ওরা আশ্বস্ত করেছে যে যাই থাকুক এটার সঙ্গে খেলায় কোনও ইমপ্যাক্ট পড়বে না। তামিম এটাও বলেছে, বাইরে কী হচ্ছে এটা নিয়ে কনসার্ন না। আমি খেলা নিয়েই আগ্রহী।'
তামিমদের সঙ্গে পাপনের এই বৈঠকে উপস্থিত ছিলেন না সাকিব। তিনি একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন।









