আলোচিত নারী শুটার কামরুন নাহার কলি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন, বসেছেন বিয়ের পিঁড়িতে। বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই, বরের নাম মির্জা আবিদুর রহমান। কনের পিত্রালয় নারায়ণগঞ্জের এক রেস্টুরেন্টে দুই জনের হাত এক হয়েছে।
গত বছরের ২৬ ডিসেম্বর মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছেন বর কুমিল্লা মুরাদনগরের আবিদুর। তার সঙ্গে পরিচয়ের এক মাসের মধ্যে পরিণয় সম্পন্ন হলো কলির। বিয়ের জন্য কলিকে জাতীয় শুটিং ক্যাম্প থেকে তিন দিনের ছুটি নিতে হয়েছে। রবিবার আবারও ক্যাম্পে যোগ দিতে হবে।
বাংলা ট্রিবিউনকে কলি বলেছেন, ‘স্বল্প পরিসরে বিয়েটা হয়ে গেল। আমার বরসহ শ্বশুর বাড়ির সবাই ক্রীড়ামনস্ক। সবাই চায় বিয়ের পর যেন শুটিং চালিয়ে যাই। দেশের জন্য পদক নিয়ে আসি। আমিও সেই চেষ্টা করে যাবো।’
কলি আলোচনায় আসেন গত বছরের ২৮ জানুয়ারি। বিশ্বকাপ শুটিংয়ে সেরা আটে জায়গা করে নিয়ে চমকই দেখিয়েছিলেন ২৩ বছর বয়সী শুটার। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইয়ে ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে ৫৩ জন শুটারের মধ্যে কলি ৬২৮ দশমিক ৪ স্কোর করে ষষ্ঠ হন। তবে ফাইনালে ১৪৮ দশমিক ৫ স্কোর করে অষ্টম হতে হয়েছে তাকে। নিকট-অতীতে বাংলাদেশের কোনও শুটার এমন পারফরম্যান্স করে দেখাতে পারেননি।
কলির স্বপ্ন সামনের দিকে বিশ্বকাপসহ অন্য আসরে পদক জেতা।








