এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। অধীর আগ্রহে ফাইনাল খেলাটির প্রতীক্ষায় পুরো দেশ। নিজ দলের সমর্থনে প্রত্যেকেই নিজের মতো তা প্রকাশও করছেন। আর এ ক্ষেত্রেও পিছিয়ে নেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। সকালে ফেসবুকে ঢুকেই দেখা গেল এক ভিন্ন চিত্র। পরিবর্তিত প্রোফাইল পিকচারে ফেসবুক সয়লাব। এর বাইরে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের প্রোফাইল পিকচার খুঁজে পাওয়া মুশকিল।
খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের ফেসবুক প্রোফাইল পিকচারে বাংলাদেশকে তুলে আনার এক প্রয়াস নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ। আর এই উদ্যোগকে কেবল বাংলাদেশিরাই সমর্থন জানাচ্ছেন না, তা সাধুবাদ পেয়েছে দেশ-বিদেশের বিভিন্ন জায়গার মানুষের। তার মধ্যে রয়েছে, আফগানিস্তান, নেপাল, এমনকি পাকিস্তান, ভারতের ক্রিকেটানুরাগীরাও।
আফগানিস্তান থেকে ইয়াসিন গারদিওয়াল লিখেছেন, ‘আমি একজন আফগান। আমি বাংলাদেশ দলকে সমর্থন করি। আশা করি তারা ভালো খেলবে। শুভকামনা টাইগারদের জন্য।’
নেপাল থেকে নরেশ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইলো। বিশ্বকে দেখিয়ে দিন নিজের সক্ষমতা। আমরা আপনাদের পাশে আছি।’
পাকিস্তান থেকে হাফিজ লিখেছেন, ‘বাংলার টাইগারদের জন্য আমার সমর্থন রইলো। আপনারাই আজ এশিয়ার চ্যাম্পিয়ন হবেন। পাকিস্তান থেকে আপনাদের জন্য শ্রদ্ধা জানাই।’
হাফিজ নামের এক বাংলাদেশি সমর্থক লিখেছেন, ‘তোমরা সত্যিই টাইগারের মতোই খেলেছো। আশা করি ফাইনালেও একইরকম খেলে যাবে। তবে চ্যাম্পিয়ান হতে না পারলেও দুঃখ নেই। তোমরা হারলেও টাইগার জিতলেও টাইগার। কোনও চাপ না নিয়ে স্বাধীনভাবে খেলে যাও। সবসময় তোমাদের সাথে আছি। শুভকামনা রইল....’
এক প্রবাসী বাংলাদেশি শামীম সুইডেন থেকে লিখেছেন, ‘দেশে নাই অনেক বছর, তবে ক্রিকেট আমাদের অনেক কাছে নিয়ে এসেছে। সম্ভবত ক্রিকেটের জন্য এর আগে এতো বাংলাদেশি একসাথে ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করেননি। এজন্য এই পেইজের এডমিনকে ধন্যবাদ। টাইগারদের জন্য অনেক অনেক ভালোবাসা।’
গতকাল ওই ফেসবুক পেইজ থেকে আহ্বান জানানো হয়, ‘আগামীকাল এশিয়া কাপ টি২০ ফাইনালে টাইগারদের সমর্থন জানাতে আপনার প্রোফাইল পিকচারটি পরিবর্তন করুন। টাইগারদের সমর্থনে ঐক্যবদ্ধ হোন।’ সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় #riseofthetigers
#AsiaCupT20 এবং #BanVInd
ফেসবুক ব্যবহারকারীরা যেন দলের পক্ষে তাদের সমর্থন ছড়িয়ে দিতে পারেন, এজন্য বাংলাদেশ ক্রিকেটের ফেসবুক পেইজ থেকে একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের ফেসবুকের প্রোফাইল পিকচারের নিচের দিকে যুক্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো এবং লাল রঙে লেখা বাংলাদেশ। কোনও ব্যবহারকারী এই অ্যাপস দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করলে তার সেই প্রোফাইল পিকচারের নিচে প্রোফাইল পিকচার বদলে ফেলার আহ্বান সহ বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজের লিঙ্ক দেখাবে। আর পাশেই থাকবে ‘ট্রাই ইট’ অপশন।
‘ট্রাই ইট’ অপশনে ক্লিক করলেই প্রোফাইল পিকচার পরিবর্তনের উইন্ডোটি আসবে। সেখানে ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল পিকচারটি দেখাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো এবং লাল রঙে লেখা বাংলাদেশ সহকারে। ব্যবহারকারী চাইলে সেখান থেকে অন্য কোনও ছবি দিয়েও নিজের প্রোফাইল পিকচারটি পরিবর্তন করতে পারেন। এ জন্য ভিজিট করুন:
https://www.facebook.com/bcbtigercricket/
গ্রাফিক্স: রাশেদ বাবু
/এসএ/টিএন/








