২০১৮ সালের আইন অনুসারে জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে। অ্যাডহক কমিটিতে ফিরেছেন সাবেক সংগঠক ও খেলোয়াড়রা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে ২৯ আগস্ট সার্চ কমিটি গঠন করে। সেই সার্চ কমিটি ৫৩ ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে প্রথম ধাপে ৯টি ফেডারেশনের কমিটি সুপারিশ করেছে। ক্রীড়া মন্ত্রণালয় সেই কমিটি গত প্রায় তিন সপ্তাহ পর্যালোচনা করেছে। বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটি জারি করা হয়েছে।
বাংলাদেশের দাবার পাঁচ গ্র্যান্ডমাস্টারের চার জনই হয়েছেন সৈয়দ সুজাউদ্দিনের আমলে। সাবেক আমলা এবার দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন। ১৪ সদস্যের অ্যাডহক কমিটিতে বিগত কমিটির যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলমই শুধু মাত্র অ্যাডহকে ঠাঁই পেয়েছেন। তিনি এই কমিটির সহ-সভাপতি।
অ্যাথলেটিকসে সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাবেক তারকা অ্যাথলেট ও সাধারণ সম্পাদক শাহ আলম। ১৯ জনের কমিটিতে আছেন সাবেক অ্যাথলেট ফরিদ খান চৌধুরী।
হকিতে সাধারণ সম্পাদক পদ নিয়ে ক্লাবগুলোতে টানাপড়েন থাকে। হকির সাধারণ সম্পাদক পদে ক্লাব বা জেলার কর্মকর্তা বেছে নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের জিএস লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাবেক খেলোয়াড়দের মধ্যে কমিটিতে রয়েছে আবু জাফর তপন, হোসেন ইমাম চৌধুরী শান্টা ও শহীদুল্লাহ দোলন। পৃষ্ঠপোষক ক্যাটাগরি থেকে এসেছেন ইসতিয়াক সাদেকসহ আরও কয়েকজন ব্যবসায়ী।
টেনিস ফেডারশেনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন। ১৯ সদস্যের কমিটিতে সাবেক খেলোয়াড়, সংগঠকদের সঙ্গে রয়েছে ব্যবসায়ী-পৃষ্ঠপোষকও।
স্কোয়াশে ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসেনি। অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুদ্ধিভিত্তিক খেলা ব্রিজ ফেডারশেনের সাধারণ সম্পাদক করা হয়েছে নাইমুল হাসানকে। বাংলাদেশে ব্রিজের চর্চা হয় বাংলাদেশ ব্যাংক ক্লাবে। তাই বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ব্রিজ খেলোয়াড় রয়েছেন কমিটিতে।
জাতীয় খেলা কাবাডিতে সাধারণ সম্পাদক হয়েছেন বিগত কমিটির যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ। সোহাগ মূলত ইভেন্ট ম্যানেজম্যান্ট ব্যবসায়ী। পুলিশে কর্মরত গাজী মোজাম্মেল হককে অ্যাডহক কমিটিতেও যুগ্ম সম্পাদক রেখেছে।
বিলিয়ার্ড-স্নুকারে সভাপতি মনোনীত হয়েছেন ইউএস বাংলা গ্রুপের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন খেলোয়াড় ও ব্যবসায়ী রিয়াসাত করিম ভূঁইয়া।
বাস্কেটবল ফেডারেশনের সভাপতি করা হয়েছে সাবেক খেলোয়াড় ডা. শামীম নেওয়াজকে ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড়-কোচ মেজর জেনারেল (অব.) আতিকুল হাফিজ। সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।









