সাউথ এশিয়ান গেমস ও জাতীয় পর্যায়ে বর্ডার গর্ড বাংলাদেশের (বিজিবি) বিজয়ী খেলোয়াড়দের বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকালে বিজিবি’র সদর দফতরে এক অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানে হ্যান্ডবল ও কুস্তিদলসহ মোট ৪২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, বিজিবি’র কৃতি খেলোয়াড়দের মধ্যে ১২তম এসএ গেমসে আর্চ্যার সিপাহী এহেসান আহমেদ, জুডোতে হাবিলদার মো. হাবিবুর রহমান, কুস্তিতে হাবিলদার মো. মিজানুর রহমান ও নায়েক মো. বিল্লাল হোসেন পদক জয় করেন। আর হ্যান্ডবলে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ দলে বিজিবি’র আটজন এবং কাবাডিতে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশ দলে বিজিবি’র তিনজন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারীদের মধ্যে এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৫-এ বিজিবি হ্যান্ডবল দলের ১৭ জন সদস্য এবং ‘ওয়াল্টন মোবাইল বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা-২০১৫’-এ বিজিবির কুস্তি দল চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য, দুটি তাম্র পদক জয় করে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া মহান বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫-এ বিজিবি কারাতে দল ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে দলীয়ভাবে রানার আপ এবং প্রথম জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা-২০১৬ এ বিজিবির খেলোয়াড়রা অংশ নিয়ে ব্যক্তিগতভাবে ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক অর্জন করে।
/জেইউ/এসএনএইচ/








