যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা তল্লাশি খুবই সাধারণ বিষয়, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে। বিভিন্ন দলকে ভ্রমণের সময় নানা ধরনের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হতে হয়। তবে এবার আর্জেন্টিনা জাতীয় দলের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা হয়ে উঠেছে হাস্যরসের এক মুহূর্ত, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি।
একদিন আগে কানসাস থেকে মায়ামিগামী ফ্লাইটে ওঠার আগে দলটিকে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) নিয়মিত নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। অন্যান্য সাধারণ যাত্রীর মতো খেলোয়াড়রাও তাদের ব্যাগপত্র স্ক্যানিংয়ের জন্য জমা দেন এবং মেটাল ডিটেক্টর অতিক্রম করেন। তখনই ঘটে মজার একটি ঘটনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা রদ্রিগো ডি পলের ব্যাগে একটি স্পার্ক লাইটার (যা সাধারণত চুলা জ্বালাতে ব্যবহৃত হয়) খুঁজে পান। পরে সেটি জব্দ করে তাকে তল্লাশি প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়।
ঠিক ডি পলের পেছনেই দাঁড়িয়ে ছিলেন মেসি। পুরো ঘটনাটি দেখে তিনি হাসি চেপে রাখতে পারেননি। ডি পলের দিকে তাকিয়ে দুজনের মধ্যে হাসির বিনিময় হয়। এরপর হাসতে হাসতেই নিজের নিরাপত্তা তল্লাশির দিকে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক।
মজার এই দৃশ্যটি আবারও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের আন্তরিক সম্পর্ক ও দারুণ দলীয় পরিবেশের চিত্র তুলে ধরেছে। সাধারণত নিরাপত্তা তল্লাশির সময় যে টানটান পরিবেশ থাকে, সেটিকে হাসি-ঠাট্টায় উড়িয়ে দেন তারা। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আজ বিকালে ইন্টার মায়ামির অনুশীলন মাঠে শেষ প্রস্তুতি নেবে আর্জেন্টিনা। আগামীকাল শেষ ষোলোয় কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।







