উৎসাহ-উদ্দীপনা আর প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে চলছে জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট। ২৬টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়াযজ্ঞে এবার মূল আকর্ষণ হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামটি। যেখানে ভিনদেশিদের সঙ্গে অংশ নিচ্ছেন স্বাগতিক বাংলাদেশের আরচ্যাররা।
আগামীকাল শেষ হতে যাওয়া এই ট্রেনিং প্রোগ্রামে ক্লাসরুম সেশনেও অংশ নিচ্ছেন তারা। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার এবং ফিটনেস সুরক্ষায় স্পোর্টস ইনজুরি প্রতিরোধ, অ্যান্টি-ডোপিং সচেতনতা এবং স্পোর্টস সাইকোলজি বা ক্রীড়া মনোবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ জানানো হচ্ছে।
জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের আর্চারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বিশ্বমানের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প থেকে তারা অত্যন্ত কার্যকরী ও বাস্তবসম্মত অনেক কিছু শিখতে পারছেন, যা তাদের ভবিষ্যৎ ক্রীড়া ক্যারিয়ারে অভাবনীয় উপকারে আসবে। বিশেষ করে ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে টেকনিক্যাল নলেজ শেয়ারিং তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবারের এই গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশের আট জন মেধাবী আরচ্যার অংশ নিচ্ছেন। পুরো ট্রেনিং প্রোগ্রামের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় আর্চারি দলের হেড কোচ মার্টিন ফ্রেডরিক। এর আগে ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে সফলভাবে এই যৌথ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এটি নিয়ে বাংলাদেশে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে এই আন্তর্জাতিক জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম।
জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের এই নিখুঁত প্রস্তুতি শেষে আগামী ২ আগস্ট সমাপনী দিনে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের পদকের লড়াইয়ে নামবেন আর্চাররা। ট্রেনিংয়ের পর এই রোমাঞ্চকর লড়াই দেখতে মুখিয়ে আছেন সবাই। এবারের প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে মোট ছয়টি আকর্ষণীয় ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তীর-ধনুক হাতে নামবেন প্রতিযোগীরা। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ পুরুষ একক, অনূর্ধ্ব-১৮ রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মিশ্র দলগত এবং অনূর্ধ্ব-১৮ রিকার্ভ মিশ্র দলগত প্রতিযোগিতা।
আন্তর্জাতিক মানের এই জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও টুর্নামেন্ট আয়োজনে সার্বিক আর্থিক সহায়তায় রয়েছে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া। এছাড়া পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।








