আলভারেজকে কেন্দ্র করে জটিলতা কাটছে না। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা টানা তিন দিন অনুশীলনে অনুপস্থিত। লা লিগায় আগামীকাল সেভিয়ার বিপক্ষে ম্যাচেও থাকছেন না এই স্ট্রাইকার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ সংবাদ সম্মেলনে কোচ দিয়গো সিমেওনের মন্তব্য প্রকাশ করেছে। সেখানে আতলেতিকো মাদ্রিদের কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি যে, ক্লাব সবকিছু অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে ব্যাখ্যা করার পরও আপনাদের সব প্রশ্নই আলভারেজকে ঘিরেই হবে।’
সিমিওনে আরও বলেন, ‘খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে আমার অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমি শুধু অপেক্ষায় আছি তাকে সহযোগিতা করার জন্য এবং সে যেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকা বজায় রাখতে পারে। আর এটা স্পষ্ট যে, সে আগামীকালের ম্যাচে খেলছে না।’
সিমিওনে আরও যোগ করেন, ‘আলভারেজকে নিয়ে আমার আর নতুন করে কিছু ব্যাখ্যা করার নেই। হুলিয়ান যেদিন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, সেদিন থেকে তাকে আগের মতোই সব ধরনের সহযোগিতা দেব, যাতে সে অনুভব করতে পারে যে, সে আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমনটা সে বরাবরই আমাদের জন্য ছিল।’
বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের রেষরেষির প্রভাবে আলভারেজের ভাগ্যে কী আছে, তা এখন দেখার।








