দলবদলের শেষ মুহুর্তে এসে ম্যানচেস্টার সিটি চমক দেখালো। চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে দলে টেনে নিজেদের ট্রান্সফার রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙল সিটিজেনরা। আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য গুনতে হয়েছে ১২৫ মিলিয়ন পাউন্ড, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে যৌথ সর্বোচ্চ।
দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। ২৫ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য সিটির খরচ হয়েছে ২ হাজার ৭১ কোটি টাকার বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চেলসিকে বিদায় জানিয়ে এনজোর বার্তার এক ঘণ্টার মধ্যেই আসে সিটির আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে ইতিহাদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত এনজো বলেন, “সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। এমন একটি ক্লাবের অংশ হতে প্রত্যেক খেলোয়াড়ই চায়। এখানে আসতে পেরে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।”
এনজোকে কিনতে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করে নিজেদের দলবদল রেকর্ড দ্বিতীয়বার ভাঙলো ম্যান সিটি। এর আগে জুলাইয়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে সর্বোচ্চ ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে এনে নিজেদের রেকর্ড গড়েছিল তারা।
এনজোর ট্রান্সফার ফি ব্রিটিশ ফুটবলের ট্রান্সফার রেকর্ডও ছুঁয়েছে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচায় দলে নিয়ে রেকর্ড গড়েছিল লিভারপুল।
সব মিলিয়ে গ্রীষ্মের দলবদলে সিটির খরচ এখন প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড।









