আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ না পেয়ে জন্মভূমি হাইতির হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলতে নেমেছিলেন কিকি রামোস। বিশ্বকাপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলও করেছেন ভেলেসের এই তরুণ ফুটবলার। তবে তার গোলেও হার এড়াতে পারেনি হাইতি। ২-১ ব্যবধানের হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তাদের।
বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন রামোস। করেছেন একটি গোল। দলের অন্যতম সেরা পারফরমার হলেও হাইতিকে পয়েন্ট এনে দিতে পারেননি তিনি। গ্রুপ 'ডি'-তে কোনও পয়েন্ট ছাড়াই সবার নিচে থেকে বিদায় নিয়েছে দলটি। তিন ম্যাচে হাইতি গোল করেছে মাত্র তিনটি, বিপরীতে হজম করেছে ৯ গোল।
আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন থাকলেও হাইতির হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া করতে চাননি রামোস। বোলাভিপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল। হাইতির হয়ে সেই সুযোগ পেয়েছিলাম, সেটাও সহজ ছিল না। আমার স্বপ্ন সব সময় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা। তবে স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলার। আমার মনে হয়, এমন সুযোগ পেলে আমরা সবাই রাজি হতাম।’
ভেলেসের অ্যাকাডেমি লা ফাব্রিকার অন্যতম সম্ভাবনাময় ফুটবলার রামোস। তার শৈশবের গল্পটাও বেশ অন্যরকম। জন্ম হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে। খুব ছোট বয়সেই আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। এরপর বেড়ে ওঠা আর্জেন্টিনায়। কথা বলার ধরনেই এখন স্পষ্ট আর্জেন্টাইন পরিচয়।
তবে এই বিশ্বকাপে হাইতির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে ভবিষ্যতে খেলার দরজা বন্ধ হয়ে যায়নি রামোসের।