পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকি আর্থার। সোমবার দায়িত্ব নিয়েই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ দুটি সিরিজকে সামনে রেখে পাকিস্তানি খেলোয়াড়দের সতর্ক করে বলেছেন, শৃঙ্খলা, ফিটনেস ও ফিল্ডিং বিষয়ে কোনও আপোষ তিনি করবেন না।
আর্থার বলেন, 'আমি শৃঙ্খলার ব্যাপারে কঠোর হবো। এটিই ভালো ফলাফল নিয়ে আসার একমাত্র উপায়। আমি চাই সবাই দলের জন্য খেলবে। কোনও স্বার্থপর খেলোয়াড় আমার দরকার নেই।'
আর্থার আরও বলেন, 'আমাদের বোলিং ভালো, কিন্তু ব্যাটিংয়ে অনেক উন্নতি আনতে হবে। ফিল্ডিং ও ফিটনেসের ব্যাপারেও কঠোর অবস্থানে থাকবো। এমন খেলোয়াড়দের চাই যারা লম্বা সময় ধরে খেলতে পারবে। এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না।'
গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তান দলের কোচের পদ ছাড়েন ওয়াকার ইউনিস। অনেক জল্পনা-কল্পনার পর আর্থারের ওপর ভরসা রাখে পিসিবি। দক্ষিণ অাফ্রিকা, অস্ট্রেলিয়ার পর তৃতীয় আন্তর্জাতিক টিম হিসেবে পাকিস্তানের কোচিং অ্যাসাইনমেন্ট আর্থারের সামনে।
/এমআর/







