ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরেই তার কথা রয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগ খেলতে যাওয়ার। কিন্তু তিনি ইংলিশ কাউন্টিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিসিবি তাকে খেলতে অনুমতি দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
তবে মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সাসেক্স কোচ মার্ক ডেভিস। মুস্তাফিজকে বর্তমান সময়ের সেরা পেসার উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু আমরা মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। সুতরাং আমরা মুস্তাফিজের ব্যাপারে উচ্ছ্বসিত। এখন দেখা যাক আগামী দুই সপ্তাহে কী হয়।'
২০মে থেকে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্সের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু আইপিএলের ফাইনাল ২৯ তারিখে। মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দারাবাদ এরই মাঝে অনেকটাই প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছে। যদি সানরাইজার্স আইপিএলের ফাইনালে ওঠে সেক্ষেত্রে সাসেক্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজ।
/এমআর/







