গত এক বছর ধারাবাহিক পারফরম্যান্স ও র্যাংকিংয়ে উন্নতির কারণে অনেক বড় দল এখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে আগ্রহী বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার হকি লিগ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। আগামী দিনগুলোতে টাইগারদের জন্য ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি।
পাপন বলেন, 'বাংলাদেশের ক্রিকেট এখন কমফোর্টেবল পজিশনে বা আয়েশি অবস্থানে আছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রস্তাবিত তিনটি সিরিজ আছে।' তিনি বলেন, 'আমাদের বিপক্ষে এখন বড় দলগুলোও খেলতে চায়। সে সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। খেলার সুযোগ থাকলে আমরা খেলবো না এটি আপনারা ভাবেন কী করে?'
বিসিবি সভাপতি আরও বলেন, 'আমাদের কাছে বেশ কিছু প্রস্তাব রয়েছে। একটি সিরিজ মানে দুই দেশের সম্মতি, এটা একতরফা বিষয় নয়। আমি দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচিই থাকবে, তবে চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে কিছু বলা যায় না।'
/আরএম/এমআর/







