গত বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে একই গ্রুপে পড়ছে ভারত ও পাকিস্তান। বিষয়টি নিয়ে সেভাবে প্রশ্ন না উঠলেও এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেই জানিয়েছে ইচ্ছেকৃতভাবেই এমনটি করছে তারা।
গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার পরই এমনটি স্বীকার করে নেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইসিসির দৃষ্টিভঙ্গিতে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের চাওয়াতেই এমনটি করা হয়। কারণ ক্রিকেট বিশ্ব এই দুই দেশের ম্যাচটির জন্য মুখিয়ে থাকে। আর টুর্নামেন্টের বাড়তি শোভা বাড়ায় এই ম্যাচ।’
এদিকে এমনটি করার ফলে টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন উঠে না বলেই মনে করেন রিচার্ডসন। তিনি বলেন, ‘আমরা যখন গ্রুপ সাজাই, তখন এটা নিশ্চিত করি যে প্রতিটি গ্রুপ যেন র্যাংকিংয়ের ভিত্তিতেই হয়। এটা নানাভাবে করা যায়।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
অন্যদিকে গ্রুপ বি'র দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
/এফআইআর/







