ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মা। আইপিএল-এর সর্বশেষ আসরে মুস্তাফিজের সঙ্গে একই দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। যদিও গেলো আইপিএল-এ তার পারফরম্যান্স ছিল খুবই হতাশাজক। ব্যাট ও বল হাতে হায়দরাবাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারকে রীতিমত হতাশ করেছেন তিনি।
এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়েই শনিবার মোহামেডানের জার্সি গায়ে খেলেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সী পাঞ্জাবের এই অলরাউন্ডার। ৮৬ বলে ১০০ রান করে দেওয়ান সাব্বিরের বলে বোল্ড হওয়ার আগ পর্যন্ত বেশ সাবলীল ছিলেন তিনি। মাঠের সব প্রান্তে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিগুলোর কয়েকটি ছিল বেশ চোখ ধাঁধানো। ৬টি চার ছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৮টি ছক্কার মার।
যদিও ব্যক্তিগত ৪৯ রানে রান আউট হতে পারতেন বিপুল শর্মা। কিন্তু কলাবাগান ক্রীড়া চক্রের ফিল্ডারের ব্যর্থতায় ওই যাত্রায় বেঁচে যান ভারতীয় এই ক্রিকেটার। জীবন পেয়ে শেষ পর্যন্ত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
দলীয় ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা মোহামেডানকে টেনে তোলেন বিপুল শর্মা ও অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে ১৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। তাদের এই জুটিতে ২৯০ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান।
/আরআই/এফআইআর/








